Views Bangladesh Logo

নড়াইলে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ, সব পাম্প বন্ধ

নড়াইলে তেল দিতে না পারায় ফিলিং স্টেশনের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে জেলার সব পেট্রোল পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।

নিহত নাহিদ সরদার (৩৩) নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় অবস্থিত তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানান, নাহিদের হত্যার প্রতিবাদে জেলার ১০টি পাম্প বন্ধ রাখা হয়েছে।

পাম্পের কর্মচারীরা দাবি করেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক ট্রাকচালক ডিজেল নিতে স্টেশনে আসেন। তেল না থাকায় ম্যানেজার তা দিতে না পারলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

তাদের দাবি, একপর্যায়ে ট্রাকচালক ম্যানেজারকে চাপা দেওয়ার হুমকি দেন। রাত ২টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাহিদ সরদারকে ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা কর্মচারী জিহাদ গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, রবিবার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ফিলিং স্টেশনে এসেছি। পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকচালক আটকের বিষয়টি র‌্যাব-৬ মিডিয়া সেলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ