নওগাঁয় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু
নওগাঁয় ফুয়েল কার্ডের পর এবার অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রলপাম্পে নতুন এই পদ্ধতি চালু হয়। তবে স্বচ্ছতা বাড়লেও ভোগান্তি কমেনি বলে দাবি অনেক গ্রাহকের।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে তেল নিতে হবে। তেল দেওয়ার সময়, পরিমাণ, গাড়ির মাইলেজ ও লাইসেন্স নম্বর অ্যাপে সংরক্ষিত থাকবে। একটি মোটরসাইকেলকে একবারে ৫০০ টাকার তেল দেওয়া হবে এবং ১২৫ কিলোমিটার চালানোর পরেই কেবল আবার তেল দেওয়া হবে। কেউ নির্ধারিত দূরত্ব না চালিয়ে অন্য পাম্পে তেল নিতে গেলে অ্যাপের মাধ্যমে তা ধরা পড়বে। পাইলট প্রকল্পের আওতায় ধীরে ধীরে জেলার সব ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে।
বেলা ১১টার দিকে মুক্তির মোড়ের সাকিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, আগে থেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে, এর ওপর অ্যাপে তথ্য দিতে গিয়ে বাড়তি সময় ব্যয় হচ্ছে।
তবে অনেক গ্রাহক এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন। তেল নিতে আসা একজন বলেন, ‘অনেকে মোটরসাইকেলে তেল থাকার পরও বারবার লাইনে দাঁড়িয়ে তেল নেয়। অ্যাপ চালু হওয়ায় এটি বন্ধ হবে। আমরা এই ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানাই।’
ফিলিং স্টেশনের কর্মরতরা জানান , জেলা প্রশাসনের নির্দেশনা মেনে সকাল থেকেই অ্যাপের মাধ্যমে তেল বিক্রি হচ্ছে। এতে একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারছেন না এবং তাদের তেল দিতেও সুবিধা হচ্ছে। অ্যাপ পরিচালনার জন্য জেলা প্রশাসন থেকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ‘আজ সকাল থেকে সদর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। প্রতিটি স্টেশনে ট্যাগ অফিসার মনিটর করছেন। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করা হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে