জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী
জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থেকে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার ক্ষেত্রে যে জ্বালানি সীমাবদ্ধতা ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছে এবং এর ফলে জরুরি সেবার কার্যক্রমে আর কোনো বিঘ্ন থাকবে না বলে আশা করা হচ্ছে।
এর আগে সংসদের পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, ঘটনার পর পুলিশকে যোগাযোগ করলে তারা জ্বালানি সংকটের কারণে দায়িত্ব সীমিত থাকার কথা জানায় এবং গভীর রাতে ঘটনাস্থলে যেতে অপারগতা প্রকাশ করে।
মনিরুল হক চৌধুরী অবিলম্বে পুলিশের জ্বালানি রেশনিং প্রত্যাহারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, এই সীমাবদ্ধতা চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে