জ্বালানির দাম বাড়ছে না
বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার। ফলে এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের দরেই বিক্রি হবে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্চ মাসের মতোই ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এর আওতায় প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পাশাপাশি এলপিজির দামও আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বাকি অংশ পেট্রল, অকটেন, কেরোসিনসহ অন্যান্য জ্বালানি দিয়ে পূরণ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে