Views Bangladesh Logo

মূল্যস্ফীতির জন্য জ্বালানির দাম বৃদ্ধি দায়ী নয়: বাণিজ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অত্যন্ত সহনীয় ও সহনশীল পর্যায়ে রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ব্যারিস্টার রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা প্রশ্ন করেন, দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে আটকে আছে এবং খাদ্যপণ্যে এখনো তা ৯ শতাংশের ওপরে—এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আছে কি না।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, বাংলাদেশ সে তুলনায় অনেক কম হারে দাম বাড়িয়েছে। তিনি বলেন, "আমরা অত্যন্ত পরিমিত হারে জ্বালানির দাম বাড়িয়েছি।"

তিনি আরও যোগ করেন, একটি শিল্প কারখানায় মোট উৎপাদন খরচের মাত্র ৭ থেকে ৮ শতাংশ জ্বালানি খাতের। ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যার অর্থ হলো উৎপাদন ব্যয়ের ওই ৭-৮ শতাংশ অংশের ওপরই কেবল এর প্রভাব পড়বে, যা কোনো বড় ধরনের ধাক্কা নয়।

পরিবহন খাতের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, একটি বাস ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে ২৫-৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যাতে খরচ বাড়ে মাত্র ৪৫০ টাকা। আবার একটি ট্রাক ৩০ লিটার ডিজেলে ১০ হাজার কেজি পণ্য বহন করতে পারে। ওই ৪৫০ টাকার প্রভাব পড়ে ১০ হাজার কেজি পণ্যের ওপর। মন্ত্রী বলেন, "শুনতে দাম বৃদ্ধি অনেক বেশি মনে হলেও, যখন পরিবাহিত পণ্যের একক প্রতি হিসাব করা হয়, তখন এটি মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে প্রতীয়মান হয় না।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ