তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের ঋণের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়া তেলের দাম বাড়িয়েছে। আমরা জনগণের কথা চিন্তা করে এতদিন দাম বাড়াইনি। দাম বৃদ্ধির সাথে আইএমএফের শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই।’
তেলের দাম বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘তেলের দামও বেশি বাড়াইনি। অন্য দেশে দ্বিগুণ বাড়িয়েছে। শ্রীলংকায় ২৫ ভাগ বাড়িয়েছে। আমরা তো কম বাড়িয়েছি।’
অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আলোচনা শেষ হয়নি। ওদের ডিমান্ড আছে, আমাদের চাওয়াও আছে। এটা মিউচুয়াল ব্যাপার। আমরা তো নির্বাচিত সরকার। জনগণ ও ব্যবসায়ীদের ওপর চাপ পরবে এমন সিদ্ধান্ত তো আমরা নিতে পারব না। আইএমএফের সাথে আলোচনা চলছে। আরও ১৫-২০ দিন, এক মাসও আলোচনা হতে পারে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবিসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ আসবে। সবাই বাংলাদেশের সাথে কাজ করতে চায়।’ তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে আবার নাও বাড়তে পারে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে