ঢাকা ছাড়াও যেসব জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাশ’
দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ঢাকা জেলা ছাড়াও দেশের আরও ১১টি জেলার মোটরসাইকেল চালকরা এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আসার সুযোগ পাবেন। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মেট্রো ছাড়াও এখন থেকে চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এই ফুয়েল পাশ সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে।
পর্যায়ক্রমে সারা দেশের অন্যান্য জেলাতেও এই সেবা উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আধুনিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। বর্তমানে অ্যাপটি কেবল মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য পাইলটিং করা হলেও এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে দেশের সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল পাশ’ অ্যাপটি বাধ্যতামূলক ও উন্মুক্ত করা হবে। মূলত ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে জ্বালানি সাশ্রয় এবং সঠিক বণ্টন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে