Views Bangladesh Logo

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

বহু প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকল্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছরের ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়।

রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মেনে এই কাজ সম্পন্ন করা হয়েছে।

পরবর্তী ধাপ সম্পর্কে তিনি জানান, রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন ও প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করার পর শত শত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এরপর রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নিয়ে ধাপে ধাপে ক্ষমতা বাড়ানো হবে। এই প্রক্রিয়া শেষে শুরু হবে পরীক্ষামূলক বাণিজ্যিক উৎপাদন।

রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হচ্ছে। জেনারেশন-থ্রি প্লাস প্রজন্মের এই রিঅ্যাক্টর আন্তর্জাতিক সব নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ