রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম শুরু আজ
দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন ও জটিল প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং প্রক্রিয়া শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে কমিশনিং লাইসেন্স পাওয়ার পর যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালে ১৮ সদস্যের প্রতিনিধি দলসহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভের। সরকারি সূত্র অনুযায়ী, রূপপুর প্রকল্প এলাকায় যাওয়ার আগে তিনি ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, জ্বালানি ভর্তি সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বছরের শেষ বা আগামী বছরের শুরুতে পূর্ণ উৎপাদন শুরু হলে প্রথম ইউনিট থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
পদ্মা নদীর তীরে নির্মিত এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এখানে স্থাপিত হয়েছে আধুনিক ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টর প্রযুক্তি। কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে এলে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে