Views Bangladesh Logo

জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি তেলের সংকটে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকেরা। ফলে আজ রোববার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেল সরবরাহ না থাকায় সকাল থেকেই হ্রদে কোনো স্পিডবোট চলাচল করছে না। ফলে যাত্রীদের বাধ্য হয়ে ধীরগতির লঞ্চে যাতায়াত করতে হচ্ছে।

রাঙ্গামাটি জেলা শহরের সঙ্গে জেলার পাঁচটি উপজেলা—বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলা, বরকল উপজেলা, জুরাছড়ি উপজেলা ও বিলাইছড়ি উপজেলা—নৌপথেই মূলত যোগাযোগ করা হয়। কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোটই এই যোগাযোগের প্রধান মাধ্যম। লঞ্চে যাতায়াতে সময় বেশি লাগায় অধিকাংশ যাত্রী সাধারণত স্পিডবোটে যাতায়াত করেন।

বাঘাইছড়ি যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী অমর বিকাশ বলেন, জরুরি কাজে সকালে বের হয়েছিলেন। সকালে মারিশ্যা পিকআপে টিকিট না পেয়ে দুপুরে স্পিডবোটে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ফিশারি ঘাটে গিয়ে জানতে পারেন স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটির ফিশারি ঘাটের স্পিডবোট লাইনম্যান মো. মহিউদ্দিন জানান, শনিবার থেকেই তারা তেল পাচ্ছেন না। ফলে রোববার সকাল থেকে কোনো স্পিডবোট চালানো সম্ভব হয়নি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জেলা প্রশাসন থেকে বনরুপা ফিলিং স্টেশনে স্পিডবোটের জন্য তেল বরাদ্দ রাখতে বলা হয়েছে। তেল সরবরাহ শুরু হলে সোমবার থেকে প্রতিদিন প্রায় ২০০ লিটার তেল দেওয়া হতে পারে। এতে অন্তত পাঁচটি স্পিডবোট চালানো সম্ভব হবে।

এদিকে স্পিডবোট বন্ধ থাকলেও হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম জানান, তাদের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক আছে। তবে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। আপাতত দুই থেকে তিন দিন চলার মতো তেল মজুত রয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, তেল সরবরাহ বন্ধ থাকায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল সচল রাখতে ফিলিং স্টেশনগুলোকে তেল বরাদ্দ রাখতে বলা হয়েছে এবং সংকট নিরসনে প্রশাসন কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ