ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবে রাজনৈতিক পথচলা শুরু। এরপর ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান—ধাপে ধাপে স্থানীয় সরকার থেকে জাতীয় রাজনীতির মঞ্চে উঠে এসে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন নুরুল আমিন।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।
মীরসরাই উপজেলার ফেনী নদীর দক্ষিণ পাড়ঘেঁষা ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাতাকোটে ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্ম নুরুল আমিনের। তার বাবা মাওলানা আবুল খায়ের। স্ত্রী নুরুন্নাহার; চার ছেলে ও তিন মেয়ের জনক তিনি।
রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
১৯৯৮ সালে সমাজসেবার লক্ষ্য নিয়ে প্রথম ইউপি সদস্য পদে নির্বাচন করেন নুরুল আমিন এবং জয়লাভ করেন। ২০০৩ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হলেও পরে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি। তবে এবার দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
নুরুল আমিন বলেন, মীরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার সবচেয়ে বড় শক্তি। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও আমি দলের প্রতি আস্থা হারাইনি।
মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে