লিসা থেকে নোরা ফাতেহি: বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ফুটবলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তারকাদের ফ্যাশন ও স্টাইল। লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো পর্যন্ত বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া আন্তর্জাতিক তারকারা পারফরম্যান্সের পাশাপাশি নজর কেড়েছেন পোশাক ও উপস্থাপনায়।
ফ্যাশনের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে কেটি পেরি, লিসা এবং নোরা ফাতেহি।
লস অ্যাঞ্জেলেসের মঞ্চে রুপালি ঝলমলে পোশাকে কেটি পেরি দর্শকদের মনোযোগ কাড়েন। আলোর ঝলকানি আর তার আবেগঘন পারফরম্যান্স পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এক কিশোর শিল্পীর সঙ্গে তার পরিবেশনা শেষে মঞ্চে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা নিজের পরিচিত স্টাইল বজায় রেখে মঞ্চে হাজির হন। ফিঙ্গারলেস গ্লাভসসহ তার স্বাক্ষর লুক ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। তার ফ্যাশন ছিল একইসঙ্গে আধুনিক ও স্বতন্ত্র।
কানাডার টরন্টোতে নোরা ফাতেহি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাল রঙের স্পোর্টি পোশাকে—ক্রপড টপ, ট্র্যাক প্যান্ট ও স্নিকার্স মিলিয়ে—তিনি ফুটবল উৎসবের সঙ্গে মানানসই এক ঝলমলে উপস্থিতি তৈরি করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।
বিশ্বকাপের মতো আয়োজন শুধু ফুটবল নয়, একইসঙ্গে সংগীত ও ফ্যাশনেরও বড় মঞ্চ হয়ে ওঠে। খেলা, পারফরম্যান্স ও স্টাইল—সব মিলিয়ে তারকাদের উপস্থিতি এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলেছে।

মতামত দিন