বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ের পথে হুমা কুরেশি
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে বাগদান সম্পন্ন হওয়ার পর এবার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে চমকপ্রদ বিষয় হলো—জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে একান্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাদামাটা ও রুচিশীল পরিবেশেই বিয়ে সারতে চান হুমা।
বলিউড তারকাদের বিয়েতে সাধারণত আড়ম্বর, ডেস্টিনেশন ওয়েডিং ও তারকাখচিত অতিথি তালিকার ছড়াছড়ি দেখা যায়। সেই জায়গা থেকে হুমার ব্যক্তিগত ও নিরিবিলি আয়োজনের পরিকল্পনা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী জানিয়েছেন, জীবনের বিশেষ এই মুহূর্তটিকে তিনি খুব ব্যক্তিগতভাবেই উপভোগ করতে চান। কাছের মানুষদের নিয়েই স্মরণীয় একটি দিন কাটানোর ইচ্ছা তার।
রচিত সিং চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেতা না হলেও বলিউডে একজন দক্ষ অভিনয় প্রশিক্ষক হিসেবে পরিচিত। তার কাছে প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশলের মতো তারকারা।
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ‘থাম্মা’ সিনেমার একটি স্ক্রিনিংয়ের পর। পরে সোনাক্ষী সিনহার বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া এবং বিভিন্ন সামাজিক আয়োজনে তাদের দেখা যাওয়ার পর সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বন্ধুত্ব থেকে প্রেম, আর এখন সেই সম্পর্কই গড়াচ্ছে বিয়ের দিকে।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন হুমা। তাকে সর্বশেষ দেখা গেছে সিঙ্গেল সালমা সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস-এর কাজ নিয়ে। এতে তার সঙ্গে অভিনয় করছেন যশ, নয়নতারা এবং কিয়ারা আদভানি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে