বেসবল মাঠে ক্রিকেট, এশিয়ান গেমসে ভেন্যু নিয়ে শঙ্কা
জাপানের নাগোয়ার পূর্বে নিসশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ক্রিকেট আসর। তবে ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত করা এই ভেন্যু নিয়ে শুরু হয়েছে নানা শঙ্কা। মাঠ ও উইকেটের পাশাপাশি ড্রেসিংরুম এবং খেলোয়াড়দের আবাসন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কয়েক মাস আগেও কোরোগি স্পোর্টস পার্ক ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়। সেখানে এবার হাইব্রিড পিচে ক্রিকেট খেলা হবে। পিচের বেশির ভাগই প্রাকৃতিক ঘাস, সঙ্গে অল্প পরিমাণ পলিথিন ফাইবার ব্যবহার করা হয়েছে। তবে পিচটি নতুন হওয়ায় এর আচরণ কেমন হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত মে মাসে সেখানে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছে।
এশিয়ান গেমস অপারেশনস ম্যানেজার অ্যাডাম বির্স গত মে মাসে এএফপিকে জানিয়েছিলেন, পিচটি বাউন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ওপর সেপ্টেম্বরে জাপানে টাইফুন মৌসুম শুরু হওয়ায় আবহাওয়ার প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।
ভেন্যুর অবকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে মানসম্মত ড্রেসিংরুম নেই। দর্শক ধারণক্ষমতা প্রায় ২ হাজার। পুরোনো বেসবল মাঠের কিছু কাঠামো এখনো রয়েছে। এমনকি মাঠে পিচারের মাউন্ডও দেখা যাচ্ছে।
ভেন্যু নিয়ে উদ্বেগের বিষয়টি প্রথম সামনে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় দুই সপ্তাহ আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় বিষয়টি তোলা হয়। সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ সদস্যদেশগুলোর প্রতিনিধিরা আলোচনা করেন। পরে ভেন্যু ও খেলোয়াড়দের আবাসন সরেজমিনে দেখতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয় এসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, খেলাধুলার কারিগরি বিষয়ে তাদের সরাসরি ভূমিকা নেই। তাই বিসিসিআইকে এশিয়ান গেমসের আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
শুধু ক্রিকেট মাঠ নয়, খেলোয়াড়দের থাকার ব্যবস্থাও নতুন উদ্বেগ তৈরি করেছে। এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না। প্রায় ১৫ হাজার অংশগ্রহণকারীকে ক্রুজ, গেমস ভিলা ও বিভিন্ন হোটেলে রাখা হবে। ক্রিকেটার, শাটলার, ফুটবলার ও সফটবল খেলোয়াড়দের রাখা হবে নাগোয়ার বিভিন্ন হোটেলে।
তবে কিছু হোটেলকক্ষ এতটাই ছোট বলে জানা গেছে যে, দুজন খেলোয়াড়ের কিটব্যাগ ও লাগেজ রাখাই কঠিন। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেছেন, কক্ষগুলো খুব ছোট হওয়ায় একজন খেলোয়াড় কিটব্যাগ খুললে দাঁড়ানোর জায়গাও কমে যায়। সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হবে এই পর্ব। অন্যদিকে ছেলেদের ক্রিকেট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। প্রথম রাউন্ডে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে প্রতিযোগিতা হবে।
মেয়েদের কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশ মুখোমুখি হবে চীনের, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।
মতামত দিন