Views Bangladesh Logo

আদালতে হাজির নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমন–বৃষ্টির বন্ধুরা, কী বলেছেন তারা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিশাম আবুঘরবেহর জামিন শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন নিহত দুজনের বন্ধু ও সহপাঠীরা।

গত ১৬ এপ্রিল টাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরদিন বৃষ্টির এক বন্ধু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ এবং ময়নাতদন্তে তাকে খুন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। বৃষ্টির মরদেহের বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

লিমনের রুমমেট ২৪ বছর বয়সী হিশাম সালেহ আবুঘরবেহকে গত শুক্রবার সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যাসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার হিলসবরো কাউন্টির বিচারক জে লোগান মারফি আবুঘরবেহকে জামিন না দিয়ে কারাগারে রাখার আদেশ দেন এবং কোনো সাক্ষী বা নিহতদের স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করার নির্দেশ দেন।

শুনানিতে আদালতকক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল উপস্থিত ছিল। লিমন ও বৃষ্টির বন্ধু আবীর আল হাসিব সৌরভ বলেন, 'আমরা বাংলাদেশিরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি। আমরা একসঙ্গে খাবার খাই, একসঙ্গে বেড়াতে যাই।'

আরেক বন্ধু সালমান সাদিক শুভ বলেন, 'আমাদের বন্ধুদের সঙ্গে ঠিক কী ঘটেছে, সেটা আমরা জানতে চাই। আমরা নিজেদের দায়িত্বশীল মনে করি — এখানে আমরা যা দেখছি, পর্যবেক্ষণ করছি, তা অন্যদের জানাতে চাই।'

রিফাতুল ইসলাম বলেন, 'বাড়ি থেকে আট হাজার মাইল দূরে এখানে তারাই আমাদের পরিবার। যে জায়গাকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি — আমাদের নিজের ঘর — সেখানেই তাদের হত্যা করা হয়েছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'

বন্ধুদের এই উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ। তিনি বলেন, তিনি ভাবতেও পারেননি এত বন্ধু আসবেন। প্রসিকিউটররা আশা করছেন, আগামী ৭ মে মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা যাবে। দোষী সাব্যস্ত হলে আবুঘরবেহর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

আবীর আল হাসিব সৌরভ বলেন, 'এখন আমাদের মূল লক্ষ্য হলো এই ব্যক্তিকে ন্যায়বিচারের আওতায় আনা।'



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ