Views Bangladesh Logo

সুইমিংপুলে অচেতন অভিনেত্রী, হাসপাতালে মৃত্যু

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত ১৭ এপ্রিল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। জনপ্রিয় পুলিশি থ্রিলার দ্য ক্রিমসন রিভার্স-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তাঁর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যায়।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্স এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।’ তারা গভীর শোকের সঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন নাদিয়া ফারেস। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি প্যারিসে যান। ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে দ্য ক্রিমসন রিভার্স ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।

পরবর্তী সময়ে হলিউডেও কাজ করেন তিনি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ওয়ার ছবিতে ‘এজেন্ট জেড কিনলার’ চরিত্রে এবং একই বছরে স্টর্ম ওয়ার্নিং ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছু সময় অভিনয় থেকে দূরে ছিলেন নাদিয়া। পরে ২০১৬ সালে মার্সেই সিরিজের মাধ্যমে আবার পর্দায় ফেরেন। ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর ২০২২ সালে তিনি ফ্রান্সে ফিরে আসেন।

ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো জানিয়েছে, তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ