Views Bangladesh Logo

কুমিল্লায় মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে মুক্তিযোদ্ধা আলী হোসেনের পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আলী হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেক্টর ৪-এ ফেনীর বিলোনিয়া সীমান্ত এলাকায় যুদ্ধ করেছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার স্ত্রী রাশেদা আক্তার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

বুধবার রাতে রাশেদা আক্তার বলেন, ‘আমরা এখন কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকি। অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে আমাদের গ্রামের বাড়িতে হামলা চালায় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’

ঘটনার সময় বাড়িতে ছিলেন জামশেদ আলম। যিনি তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়ির দেখাশোনা করেন। রাত আনুমানিক দেড়টার দিকে হামলাকারীরা দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাশেদা আক্তার বলেন, ‘গত বছরের আগস্ট থেকে আমরা বিভিন্ন অজ্ঞাত হুমকির কারণে বাড়িতে যেতে পারছি না। এর আগেও আমাদের বাড়িতে হামলা হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি এবং এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’

একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এমন হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ