বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
সোমবার (৬ এপ্রিল) আসরের নামাজের পর সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দাউদকান্দি মডেল থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বিউগলের ‘লাস্ট পোস্ট’ বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। একই স্থানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে সুন্দরপুর কবরস্থানে দাফন করা হয়।
সোমবার সকাল ১১টায় রাজধানীর একটি হাসপাতালে মোরশেদ সরকারের মৃত্যু হয়। তিনি সুন্দরপুর গ্রামের ধনগাজী সরকার পরিবারের মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে