বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই
মহান মুক্তিযুদ্ধের দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলা একাডেমির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু) মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের স্বামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলী শিশু পল্লী মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে তাঁর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মারক স্তম্ভ ‘চির উন্নতশির’-এর পাশে তাঁকে দাফন করা হবে।
আনোয়ার হোসেন খান তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) সহসভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দক্ষিণাঞ্চলে সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। বিশেষ করে নবম সেক্টরের সাবসেক্টর সদর দপ্তর বুকাবুনিয়াসহ দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের সংগঠনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজ এলাকায় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।
বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন আনোয়ার হোসেন খান। এ ছাড়া এলাকায় একাধিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং হলতা ডৌয়াতলা সমবায় জুনিয়র স্কুলকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
মতামত দিন