শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা চালু হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
উদ্বোধন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবেই এই সেবা চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তৃতীয় টার্মিনালও উদ্বোধন করা সম্ভব হবে।
নতুন এই ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। নেটওয়ার্কটিতে ২৫০টি অ্যাকসেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাকসেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাকসেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে পারবে এবং পুরো নেটওয়ার্কটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হবে। একই সময়ে ৩৭ হাজারের বেশি যাত্রী এই সেবা ব্যবহার করতে পারবেন।
গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এটি ব্যবহার করেছেন এবং মোট ২.৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে