Views Bangladesh Logo

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জাহিদ হোসেন

জনগণের স্বাস্থ্য অধিকার ও স্বার্থ রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি আয়োজিত ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক হাঁটু সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, চিকিৎসাক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় অপরিহার্য। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে বিশেষায়িত ও অতিবিশেষায়িত চিকিৎসার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে রোগীদের উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য খাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোর একটি উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি জাতীয় বাজেটে এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এমন বড় বরাদ্দ আগে দেখা যায়নি। তবে শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, চিকিৎসাশিক্ষা, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা বক্তব্য দেন। এ সময় ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয়। পাশাপাশি ‘সেভ ইয়োর নি’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ