Views Bangladesh Logo

জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই উপকরণ দেওয়া হলেও পর্যায়ক্রমে এটি আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন চূড়ান্ত করেছি এবং একটি পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আগামী জুলাই মাসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য বিজিএমইএর পক্ষ থেকে ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের প্রতিশ্রুতি (কমিটমেন্ট) পেয়েছি। প্রাথমিকভাবে এটি শুরু হবে শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্য।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন। আগামী দিনেও তারা এই সহযোগিতা করবেন।

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা-বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও যমুনা শিল্প গ্রুপের পক্ষ থেকে ছিলেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বি এম জাহাঙ্গীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ