সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু রোগ শনাক্তকরণে সরকারি হাসপাতালগুলোতে এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে সই করেন বিভাগটির সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে ডেঙ্গু পরিস্থিতির সম্ভাব্য অবনতির কথা বিবেচনায় নিয়ে গত ১৪ জুন অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওই চিঠিতে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর জন্য প্রয়োজনীয় সম্মতি চাওয়া হয়। পরবর্তীতে সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন নির্দেশনা জারি করা হয়।
মতামত দিন