৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে তরুণদের দক্ষতা বাড়াতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতা দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সব জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণে আবেদনকারীদের অন্তত এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে এসব বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১ অক্টোবর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
প্রশিক্ষণার্থীদের বাছাইয়ে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে মৌখিক পরীক্ষা। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের এআই সম্পর্কে মৌলিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
মতামত দিন