জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে, যা পর্যালোচনা করে সংশোধন করা হবে। তিনি বলেন, জুলাই সনদের কিছু অংশেও প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে এবং বিএনপি তা সংশোধন করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে আদালত অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারেনি এবং রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে।
তিনি আরও বলেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যথাযথ যাচাই-বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে। এসব আইনের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম বা বিতর্ক এড়াতে পর্যালোচনা জরুরি বলে তিনি মনে করেন।
আইনমন্ত্রী বলেন, সরকার একটি স্বচ্ছ ও নৈতিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে চায় এবং “ইন্টেলেকচুয়াল দুর্নীতি” বন্ধে কাজ করছে। দেশে বিভক্তির রাজনীতির সমালোচনা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এসব অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।
এ সময় তিনি যশোর কোর্টের ঐতিহ্য ফিরিয়ে আনা, বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের মৃত্যুর পর আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে