দুই ঘণ্টার বেশি বিরতির পর আবার শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ, মাঠে নেমেছে নরওয়ে–সেনেগাল
খারাপ আবহাওয়া ও বজ্রঝড়ের শঙ্কায় দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ফ্রান্স–ইরাক ম্যাচ। বিশ্বকাপের ‘আই’ গ্রুপের এই ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সময় ১–০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।
ম্যাচের ১৪তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে খেলা স্থগিত করে ফিফা। দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দীর্ঘ অপেক্ষার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে ওয়ার্মআপ করেন। পরে বাংলাদেশ সময় সকাল ৬টার কিছু পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দীর্ঘ বিরতির কারণে দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নরওয়ে ও সেনেগাল। প্রথম ম্যাচে ইরাককে ৪–১ গোলে হারিয়েছিল নরওয়ে, অন্যদিকে ফ্রান্সের কাছে ৩–১ গোলে পরাজিত হয়েছিল সেনেগাল।
গ্রুপ ‘আই’-এ নকআউট পর্বের লড়াই জমে ওঠায় দুটি ম্যাচের দিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।
মতামত দিন