নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে ইরাকের বিপক্ষে মাঠে ফ্রান্স
বিশ্বকাপের ‘আই’ গ্রুপে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইরাকের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। বোস্টনে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হয়েছে দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
প্রথম ম্যাচে সেনেগালকে ৩–১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। অন্যদিকে নরওয়ের কাছে ৪–১ গোলে হেরে চাপে রয়েছে ইরাক। ফলে শেষ ৩২-এর আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে ইতিবাচক ফলের বিকল্প নেই এশিয়ার প্রতিনিধিদের সামনে।
ফরাসি দলে আক্রমণের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে তিনি ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আজও তাকিয়ে থাকবে ফরাসি সমর্থকেরা।
অন্যদিকে ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের জন্য এটি কার্যত বাঁচা-মরার ম্যাচ। নরওয়ের বিপক্ষে চোট পাওয়া আলী জসিম সুস্থ হয়ে একাদশে ফিরেছেন। অধিনায়ক আয়মেন হুসেইন ও আলী আল-হামাদির ওপর গোলের দায়িত্ব থাকবে।
ম্যাচটি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্যও বিশেষ। ইরাককে হারাতে পারলে বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ ১৬ জয়ের রেকর্ডে জার্মান কিংবদন্তি হেলমুট শ্যোনকে স্পর্শ করবেন তিনি।
ফ্রান্স জিতলে নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর ইরাকের জন্য এটি টিকে থাকার লড়াই। তাই বোস্টনের মাঠে শুরু থেকেই জমে ওঠার আভাস দিচ্ছে ম্যাচটি।
মতামত দিন