Views Bangladesh Logo

খেলতে গিয়ে গাছের ডাল মাথায় পড়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে গাছের ডাল মাথায় পড়ে নিশিত দেব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশিত দেব ওই এলাকার খোকন দেব ও সুমি দেব দম্পতির ছেলে। সে উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে একটি গাছের নিচে বসে খেলছিল নিশিত। এ সময় আগের ঝোড়ো হাওয়ায় ভেঙে গাছে ঝুলে থাকা একটি ভারী ডাল হঠাৎ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঝোড়ো হাওয়ায় আগে থেকেই গাছের ডালটি ভেঙে ঝুলে ছিল। পরে সেটি ভেঙে শিশুটির মাথায় পড়লে তার মৃত্যু হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ