নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ।
বুধবার (১৮ মার্চ) বিকেলে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার জংশন অতিক্রমের পরপরই দুপুর ২টার দিকে বাগবাড়ি এলাকায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, কোনো গাফিলতি বা তথ্যগত ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেকানিক্যাল, সিগন্যাল এবং ট্রান্সপোর্টেশন বিভাগের প্রধান প্রকৌশলীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। প্রতিটি বিষয় বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে