নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: মিরপুরের প্রশিকা সড়ক বন্ধ থাকবে ৪ দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ উপলক্ষে রাজধানীর মিরপুরের একটি সড়কে কয়েক দিন যান চলাচল বন্ধ থাকবে। এ জন্য রাস্তাটি বন্ধ থাকার সময়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে।
খেলা ও নির্বাচনের কারণে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কটি উল্লিখিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে মিরপুর-১ গামী সব যানবাহনকে বিকল্প পথ হিসেবে প্রশিকা ক্রসিং হয়ে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ নম্বরে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এ বিষয়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে