চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু আজ
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু শুরু হতে যাচ্ছে আজ রোববার(৩ মে)। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন।
শনিবার (২ মে) সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এ কথা জানিয়েছেন। সম্মেলনে সারা দেশের সকল জেলা প্রশাসকগণ উপস্থিত থাকবেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, চারদিনব্যাপী ২০২৬ সালের জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের নীতি উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে। এবারের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে এবারের জেলা প্রশাসক সম্মেলন নিয়ে বিস্তারিত তুলে ধরে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, এবারের সম্মেলনের বিশেষত্ব হচ্ছে, এবার চারদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতবার সম্মেলনটি ছিল তিন দিনের, এবার একদিন যোগ হয়েছে। সম্মেলন চলাকালে কমিশনার এবং জেলা প্রশাসকগণ রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
হুমায়ুন কবির আরও বলেন, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি। আমরা মাঠ প্রশাসন থেকে এবার ১ হাজার ৭২৯ টি প্রস্তাব পেয়েছি। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত। এই বিভাগের জন্য ৪৪ টি প্রস্তাব এসেছে।
তিনি আরও বলেন, এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ।
অতিরিক্ত সচিব বলেন, আমরা ইতোমধ্যেই বলেছি, এই সম্মেলন চলাকালে তিনটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায়। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আশা করছি মাঠ প্রশাসনের আইনগত প্রশাসনিক এবং আর্থিক চ্যালেঞ্জ সমাধানের করণীয় নির্ধারণ করা যাবে। জেলা পর্যায়ের সম্ভাবনাকে কাজে লাগানো সহজ হবে। জনসেবা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
গত বছর যে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ ২০২৫ সালের ওই সম্মেলনে মোট ৪০০টি সিদ্ধান্ত নেওয়া ছিল। তার মধ্যে স্বল্পমেয়াদী সিদ্ধান্তগুলোর ৬২ শতাংশ এর মতো বাস্তবায়িত হয়েছে। মধ্য মেয়াদী সিদ্ধান্তের প্রায় ৩৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের প্রায় ১৬ শতাংশ অর্জিত হয়েছে। সামগ্রিক বাস্তবায়নের হার ছিল শতকরা ৪৪ ভাগ বলে জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, অন্যান্য বারের মতো জেলা প্রশাসক সম্মেলন চলাকালে এবারেও মিডিয়া কর্নার থাকবে। প্রত্যেক সেশনের পরে সাংবাদিকদের ব্রিফিং করা হবে এবং এই মিডিয়া কর্নারের দায়িত্বে থাকবেন যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম ভুইয়া এবং উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবউদ্দিন।
মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরশেদ আলম বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগ, দেশের প্রত্যেকটি হাসপাতালে এন্টিভেনম ইনজেকশনের সরবরাহ বৃদ্ধি, উপজেলা এবং জেলা পর্যায়ে সকল হাসপাতালে প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা রাখা, কমিউনিটি ক্লিনিকগুলোতে টেলিমেডিসিন কার্যক্রম সরবরাহ করা, রংপুর বিভাগে ১ হাজার শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল নির্মাণ, বরগুনায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করণসহ আইসিইউ ইউনিট চালু করার প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের কাছ থেকে।
উল্লেখ্য, সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, ই-গভর্নেন্স, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন। গত বছর অনুষ্ঠিত তিন দিনের ডিসি সম্মেলনে মোট ৪০০টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার বাস্তবায়নের হার ছিল ৪৪ শতাংশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে