স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৪ কিশোরী
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। পরিবারগুলোর দাবি, রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ চার কিশোরীর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপরজন অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বইখাতা নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় তারা। কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হলেও কেউ বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিদ্যালয়, আত্মীয়স্বজনের বাড়ি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ওই দিন নিখোঁজ তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সহপাঠীদের কাছ থেকেও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারগুলো রোববার গভীর রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ কিশোরীদের কারও কাছে মোবাইল ফোন না থাকায় প্রযুক্তিগতভাবে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে।
এদিকে একসঙ্গে চার কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে