নির্বাচনের আগে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে রাজশাহীতে তিনটি ও ফেনীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সকালের মধ্যে এসব ঘটনা ঘটে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া জোতনাশী প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ইউনিয়নের জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গণিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে শুক্রবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরশাহা ভিখারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের কিছু আসবাবপত্র পুড়ে যায়।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) তাসনিম হোসেন বলেন, ভোটের কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্য ছিল কি না তা জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
সোনাগাজী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে চরশাহা ভিখারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্লাহ বলেন, বিদ্যালয়ের অডিট চলাকালে সভাপতি ডাঃ আব্দুল হক প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে তার পদ থেকে অব্যাহতি দেন।
এই চলমান বিরোধের সাথে অগ্নিণ্ডের ঘটনা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, নির্বাচনের দিন এই ভোটকেন্দ্রে মোট ৪ হাজার নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে