১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছাড়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযানে উদ্ধার করা মাদকের চালান ও প্রাইভেটকার ১০ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান। তাদের লালমনিরহাট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার কর্মকর্তা। অভিযানে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, জব্দ করা আলামত থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরের ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ও গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরে ওই স্থানের সিসিটিভি ফুটেজ সামনে এলে বিষয়টি প্রকাশ্যে আসে।
এর পরদিন ১৮ জুলাই ভবানীপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে ওই পুলিশ দল স্থানীয়দের তোপের মুখে পড়ে। অভিযোগ ওঠার পর জেলা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে।
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মতামত দিন