প্রতিরক্ষা ও জ্বালানিসহ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়–সংক্রান্ত চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসব কমিটি গঠন করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালিবিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটিগুলো তাদের কার্যক্রম ও দায়িত্ব পালন করবে।
সংসদ নেতা অনুমতি দেওয়ার পর তাঁর পক্ষে কমিটি গঠনের প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের মিয়া নূরুদ্দীন আহমেদ অপুকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী, যদি তিনি সংসদ সদস্য হন, এবং অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কায়সার আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে। এ কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী, যদি তিনি সংসদ সদস্য হন, ছাড়াও মো. শফিকুর রহমান, নুরুল ইসলাম মনি, এস এম জিলানি, মিয়া নূরুদ্দীন আহমেদ অপু, আবদুস সালাম আজাদ, রেজা আহমেদ, লুৎফর রহমান ও মো. আবদুল বাতেন সদস্য হিসেবে রয়েছেন।
সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরগুনা-২ আসনের নুরুল ইসলাম মনি। কমিটির সদস্যরা হলেন মিয়া নূরুদ্দীন আহমেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোসাম্মৎ তাহসিনা রুশদীর, খন্দকার আবু আশফাক, মোহাম্মদ কায়সার আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-১ আসনের সৈয়দ আহমেদকে। কমিটির সদস্যরা হলেন মো. আবদুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহানা আক্তার রানু, শাহজাহান চৌধুরী ও মো. নুরুল ইসলাম।
মতামত দিন