ঢাকায় আরও ৪ থানা ও একাধিক পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আরও চারটি নতুন থানা এবং একাধিক পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকার ৩০০ ফিট সড়কে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি ১-এ নবনির্মিত খিলক্ষেত পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সারোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ক্যাম্পটির উদ্বোধন করেন আলি হোসেন ফকির।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি চারটি নতুন থানা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধ দমনে একটি নতুন পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। খিলক্ষেতে নতুন ক্যাম্প উদ্বোধনের পর আরও কয়েকটি এলাকায় একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।
তিনি বলেন, রায়েরবাজার এলাকায় একটি নতুন থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার অংশবিশেষ নিয়ে আরেকটি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের অংশ নিয়ে ‘বসুন্ধরা’ নামে নতুন একটি থানার পরিকল্পনাও রয়েছে। এছাড়া খিলগাঁও এলাকাতেও নতুন থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, পূর্বাচল এলাকায় পুলিশিং কার্যক্রম শুরু হলে সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ হাউজিং এলাকায় দ্রুত একটি নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বেড়াইদ, গেন্ডারিয়া ও ওয়ারী এলাকাতেও নতুন ক্যাম্প স্থাপনের কাজ চলছে। অপরাধপ্রবণ ও জনবহুল এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে বিদ্যমান অনুমোদিত পুলিশ ক্যাম্পগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পূর্বাচল নতুন শহর ও ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের আশপাশে দ্রুত জনবসতি ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে। ফলে বারুয়া, দুমনী, পাতিরা ও তোলনা এলাকাসহ খিলক্ষেত থানার অধীন বিভিন্ন অঞ্চলে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
তিনি বলেন, নতুন পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে জনগণ আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে এবং প্রযুক্তিনির্ভর, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম আরও শক্তিশালী হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে