রংপুরে চার খুন: গ্রেপ্তারদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।
তিনি বলেন, তাঁদের দৃষ্টিতে মামলার তদন্ত এখন পর্যন্ত সঠিকভাবেই এগোচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডটি রাজনীতিকীকরণের চেষ্টা হচ্ছে মন্তব্য করে আফতাব উদ্দিন বলেন, তদন্ত শেষ হওয়ার আগে তদন্ত সঠিক কি না, সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয়। আইনজীবী সমিতি চায়, প্রকৃত দোষীরা শাস্তি পাক এবং ঘটনাটি কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়।
গ্রেপ্তারদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, তদন্তে আরও তথ্য-উপাত্ত পাওয়ার জন্য অপেক্ষা করবে আইনজীবী সমিতি। আপাতত মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে কোনো আইনজীবী হিসেবে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্তের মেয়াদ নির্ধারিত নয়।
সাংবাদিকদের কাছ থেকে আরও তথ্য-উপাত্ত ও সহযোগিতা চেয়ে আফতাব উদ্দিন বলেন, গণমাধ্যমের দেওয়া তথ্য ও সহযোগিতার কারণে তদন্ত এ পর্যন্ত সঠিকভাবে এগোচ্ছে বলে তাঁদের মনে হয়েছে।
তিনি বলেন, তাঁরা গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ডের সঠিক বিচার চান। মামলাটি উচ্চ আদালতে গেলে আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত সহযোগিতা করা হবে।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন