হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, সাড়ে চার মাসে প্রাণ গেল ৭২৫ শিশুর
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে, যাদের সবাই শিশু।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৭০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে। এদিকে ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন