Views Bangladesh Logo

রোববার থেকে ৩০ উপজেলায় টিকাদান শুরু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৭

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৮৭ জনকে হামের উপসর্গসহ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে ৬০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে মোট ৪ হাজার ৬২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার থেকে টিকাদান শুরু
দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন হবে। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এই কর্মসূচির আওতায় পাঁচ বছরের কম বয়সী সব শিশু টিকা পাবে—তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এছাড়াও হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার কথাও জানানো হয়েছে।

রোববার টিকাদান শুরু হবে যেসব উপজেলায়: রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

নিম্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলেও পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ