২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ২২ শিশু। অর্থাৎ এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭ জনে। এ সময় নতুন করে ৯৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৮৬ শিশু।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জন। এদের মধ্যে পরীক্ষায় ১৬ হাজার ২৯৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ২৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
মতামত দিন