২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টার আরও ৪ শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে বরিশালে দুজন, ময়মনসিংহে একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ মার্চ থেক এখন পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে মোট ১৪৪ জন শিশু। এছাড়া, হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ জন শিশু। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে ও শনাক্তের পর ১৪ রোগীর মৃত্যু হলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২ এপ্রিল ভর্তি করা হয় নগরের জামতলা মোড় এলাকার মো. রনি ও আরিফা আক্তারের ছেলে আবদুল্লাহকে (৩)। শিশুটি আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
অন্যদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনের ব্যবধানে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম দিব্য (৭ মাস)। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তবে শিশুটির ঠিকানা প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে