হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫ শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬ হাজার ৫৩ জন।
মতামত দিন