কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রামু উপজেলার কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর মেয়ে, বোন কাসফিয়া (২০) এবং কাসফিয়ার ১৮ মাস বয়সী মেয়ে।
রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামুতে পৌঁছালে দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তিরা রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার বাসিন্দা।
মতামত দিন