বগুড়ায় দুই সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কাহালু উপজেলায় মা-মেয়ে এবং শাজাহানপুর উপজেলায় বাবা ও তার চার বছর বয়সী কন্যাসন্তান নিহত হন।
সোমবার (২৫ মে) বিকেলে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন—কাজীপাড়া এলাকার বাসিন্দা জেনি খাতুন (৩৮) ও তার মেয়ে তন্বী (২০)।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, এভারগ্রিন নামের একটি বাস ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে কাজীপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ভ্যানকে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
এদিকে একই দিন সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে আয়েশা নিহত হন। এ ঘটনায় আনিসুরের স্ত্রী পুষ্পা (২৫) গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী লেনের পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী নামক স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আনিসুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়েশা (৪) মারা যান। আহতাবস্থায় আনিসুরের স্ত্রী পুষ্পাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে