Views Bangladesh Logo

ছয় দিনে ২১ জেলায় আগুন-সহিংসতা, তিন জেলায় নিহত ৪

দেশের অন্তত ২১ জেলায় গত ছয় দিনে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ১৪ থেকে ১৯ নভেম্বরের এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন। তাঁদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতা এবং একজন বাস হেল্পার।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭০টি ককটেল বিস্ফোরণ ও ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬০ জন।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলাকালে দগ্ধ হয়ে মারা গেছেন কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪)। নড়াইলের কালিয়ায় বিএনপিসংশ্লিষ্ট সংগঠনগুলোর মোটরসাইকেল মিছিলে হামলায় নিহত হয়েছেন কৃষক দলের নেতা শাহিনুর শেখ (৪৫) ও জাসাস নেতা সোহেল মোল্লা (৩৫)। পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে ১৮ নভেম্বর ভোরে দুটি বাসে আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী মোহাম্মদ সিয়াম (২৫) পুড়ে মারা যান। হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গোপালগঞ্জে। ১৭ নভেম্বর সন্ধ্যায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে জড়ো হওয়া লোকজন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই রাতে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। ১৮ নভেম্বর রাতে সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। ১৯ নভেম্বর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা এবং মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়।

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাড়িতে হামলা হয়েছে। পটুয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত সাত নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। চট্টগ্রামে মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়ির একাংশে আগুন লাগলেও পুলিশ বলছে, এটি অগ্নিসংযোগ কি না তা এখনো নিশ্চিত নয়।

গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকায় সেপ্টেম্বরে ২৭টি ও অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণ হলেও নভেম্বরের প্রথম ১৮ দিনেই হয়েছে ৮৫টি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে দায়ী করেছেন। ডিসেম্বরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির তথ্য অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৫৩৭ জন। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ