Views Bangladesh Logo

সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে অন্তত আটজনকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ