৫২ বছর পর সংসদে যাচ্ছে জামায়াতসহ ৪ ইসলামিক দল
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। ১৯৭৩ সালের পর এই প্রথম জাতীয় সংসদে জামায়াতে ইসলামীসহ একাধিক ইসলামি রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। এবারের নির্বাচনে জামায়াতসহ চারটি ইসলামিক দল মোট ৭৭টি আসনে জয়লাভ করে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, একক দল হিসেবে ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এবার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হচ্ছে। এ ছাড়া জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়ী হয়েছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দলগুলোও এবার সংসদের টিকিট পেয়েছে। রিকশা' প্রতীকে ময়মনসিংহ-২ ও মাদারীপুর-১ এবং দেয়ালঘড়ি' প্রতীকে সিলেট-৫ আসনে জয়ী হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে দলটির মাদারীপুর-১ আসনে মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা এবং ময়মনসিংহ-২ আসনে মাওলানা মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে 'দেয়ালঘড়ি' প্রতীকে সিলেট-৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান।
এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে বরগুনা-১ আসনে ‘হাতপাখা’ প্রতীকে জয় পেয়েছে। প্রার্থী মো. অলি উল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে বিএনপির শক্তিশালী প্রার্থীকে পরাজিত করেন। এছাড়া বরিশাল ও পটুয়াখালীর কয়েকটি আসনে দলটি দ্বিতীয় অবস্থানে থেকে উল্লেখযোগ্য ভোট পেয়েছে।
পরিসংখ্যান বলছে, ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জামায়াত ছাড়া অন্য কোনো ইসলামি দল সংসদ নির্বাচনে জয়ী হতে পারেনি। ২০০১ সালে জামায়াত ১৮টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয়ী হয়েছিল মূলত বিএনপির সঙ্গে জোটবদ্ধ থেকে। তবে ২০২৬ সালের এই নির্বাচনে জামায়াতসহ অন্য ইসলামি দলগুলোর এই উত্থানকে দেশের রাজনীতিতে এক বড় ধরনের গুণগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে কেবল ৯টি দলের প্রার্থীরা সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে দলীয় প্রার্থীদের জয়জয়কার লক্ষ্য করা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে