Views Bangladesh Logo

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, আহত ৪

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ অন্তত চারজন ছররা গুলিতে আহত হয়েছেন। শনিবার (৪ ঘণ্টা আগে) রাত ১০টার দিকে বাকলিয়ার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের অনুসারীরা প্রতিপক্ষের ওপর শটগান থেকে ছররা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

গুলিতে মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং ফাহিম (১২) নামে এক শিশু আহত হন। আহতদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং অন্যজন স্থানীয় ময়দার মিলের শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের পায়ে ছররা গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মোর্শেদ খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফেরেন বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজেকে রাজনৈতিক পরিচয়ে দাবি করলেও দলের কোনো পদে নেই বলে জানা গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ