সুন্দরবনে নৌকাডুবিতে নিখোঁজ চার মৌয়াল
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, মধু সংগ্রহের সময় রাত নয়টার দিকে ঝড়ের আঘাতে নৌকাটি ডুবে গেলে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়।
ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার রাত আটটার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়। পরে স্বজনরা এসে তাদের বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান জানান, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে আটজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছিলেন। সোমবার রাতে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। চারজনকে উদ্ধার করা গেলেও বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজদের খোঁজে বন বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট থানা, কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে