Views Bangladesh Logo

প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন লস্কার সরকার, ওমর ফারুক রবিন ওরফে রবিন তাজ, জয়নাল আবেদীন মানিক ও হেলাল উদ্দিন। তাদের মধ্যে মানিক ও হেলালকে বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২ জুলাই গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নূর মোহাম্মদ। মামলায় নামধারী এই চারজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, মামলা দায়েরের পর ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, মামলা হওয়ার রাতেই মামুন ও রবিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে শনিবার মানিক ও হেলালকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালত মানিকের চার দিন এবং হেলালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি মামুন ও রবিনকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা, অশ্লীল ও মানহানিকর’ তথ্য ও ছবি প্রচার আসছিলেন। পরবর্তীতে এই কনটেন্টগুলো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, জুয়েল রানা নামের মামলার আরেক আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাকেসহ বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী নূর মোহাম্মদ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ